মৃদুল ভিডিও কলে বলল, “এই দ্যাখ, এখানে কানাডায় সবাই এই অ্যাপগুলো ব্যবহার করে। তুই একবার try কর।” স্ক্রিন শেয়ার করে দেখাল একটা ডেটিং অ্যাপ। “Just for fun, দেখ কেমন লাগে।”
রাত এগারোটা। হ্যাপি আর আরাশ ঘুমিয়ে। আমি একা ল্যাপটপে বসে ভাবছি – কী ভয়ানক একটা খেলা!
“Create Your Profile – Who Are You?”
কী নির্দোষ একটা প্রশ্ন! কিন্তু আমার মাথায় ঝড় উঠল।
আমি কে? একজন বিবাহিত মানুষ যে এই অ্যাপে কী করব? কিন্তু মৃদুল বলেছে, “Just explore কর, দেখ মানুষজন কী লেখে।”
কিন্তু ব্যাপারটা শুধু explore এর মধ্যে থাকছে না। আমি ভাবছি – যদি আমি single হতাম, আমি কে হতে চাইতাম?
“Name:” বক্সে cursor জ্বলছে।
হায়দার লিখব? নাকি অন্য কোনো নাম? যে নামে আমি হতে চাইতাম ছোটবেলায়? সেই আমি যে confident থাকত, যার কোনো সংশয় থাকত না?
“Age: 39” লিখলাম। এই সংখ্যাটা দেখে মনে হচ্ছে আমার জীবনের অর্ধেক পার হয়ে গেছে। কিন্তু আমি কি জানি আমি কী করেছি এই ৩৯ বছরে?
“What do you do?”
আমি কী করি? চাকরি ছাড়ি? স্বপ্ন দেখি? হতাশ হই? ভাবি আমি কে? কিন্তু ড্রপডাউনে “Professional Dreamer” বা “Full-time Confused Person” নামে কোনো অপশন নেই।
“Engineer” লিখলাম। মিথ্যা নয়, কিন্তু পুরো সত্যও নয়।
“Tell us about yourself”
এই ফাঁকা বক্সটা আমার দিকে তাকিয়ে আছে। ৫০০ শব্দে আমি কে?
আমি কী লিখব? “I love long walks and meaningful conversations”? যেটা আমি পড়েছি হাজারবার অন্যদের প্রোফাইলে? নাকি সত্যি কথা: “I don’t know what I want from life and I question everything”?
আমি বুঝলাম, এখানে দুটো আমি সম্ভব। একটা Real আমি – যে রাতে জেগে ভাবে আমি কী করছি জীবনে। আরেকটা Ideal আমি – যে confident, successful, যে জানে কী চায়।
কোনটা হব?
হঠাৎ মনে পড়ল, জিনিয়ার কথা। হ্যাপির সেই বান্ধবী। আমার সাথে যার affair ছিল। সে কি এসব অ্যাপ ব্যবহার করে? সে কী লিখেছে নিজের সম্পর্কে?
“Upload Photos”
আমার ফোনের গ্যালারি খুললাম। কয়েকটা ছবি আছে। একটায় হ্যাপির সাথে হাসছি – সেটা কি বাস্তব? নাকি ক্যামেরার জন্য? একটায় একা দাঁড়িয়ে আছি – সেই আমি কে?
প্রতিটা ছবিতে আমি আলাদা। কোনটা আসল?
ভাবলাম, যারা এই অ্যাপ ব্যবহার করে, তারা কি নিজেদের find করার চেষ্টা করে? নাকি নিজেদের create করে?
“What are you looking for?”
Serious relationship? Casual dating? Friendship? Something undefined?
আমি কী খুঁজি? আমি জানি না আমি কী খুঁজি জীবনে, এই অ্যাপে তো আরোই কম জানি।
হ্যাপির ঘুমের আওয়াজ শুনতে পেলাম। তার জন্য আমি কে? একজন স্বামী যে তাকে ভালোবাসে? নাকি একজন অচেনা মানুষ যে তার পাশে শুয়ে থাকে?
প্রোফাইল বানানো শেষ না করেই বন্ধ করে দিলাম।
কারণ বুঝলাম, আমি এখনো জানি না আমি কে। আর যে নিজেকে চেনে না, সে অন্যকে কীভাবে খুঁজবে?
মৃদুলকে বললাম, “পরে দেখব।”
কিন্তু জানি, এই ‘পরে’ কখনো আসবে না। কারণ ‘আমি’ এখনো তৈরি হয়নি।
রাত গভীর হলো। আমি নিজের সাথে বসে রইলাম। এই নীরবতায় হয়তো আমার আসল প্রোফাইল লুকিয়ে আছে।
একটু ভাবনা রেখে যান