আজ রাতে স্বপ্নে দেখলাম আমি পনেরো বছর আগে চলে গেছি। সেই হায়দারের সাথে দেখা করতে যে এখনো বিশ্বাস করে সব কিছু ঠিক হয়ে যাবে।
আমি তাকে দেখতে পেলাম। চব্বিশ বছরের তরুণ হায়দার। চোখে স্বপ্ন। মুখে হাসি। কথায় উৎসাহ।
সে বলছিল, “আমি একদিন অনেক বড় হব। সবাই আমার কথা শুনবে। আমার একটা সুন্দর সংসার হবে।”
আমি তার দিকে তাকিয়ে মনে মনে কাঁদলাম। বলতে ইচ্ছে করল, “বন্ধু, তুমি জান না কী অপেক্ষা করছে তোমার জন্য।”
কিন্তু বলতে পারলাম না। কারণ আমি জানি, সে আমার কথা শুনবে না। তখনও আমি নিজের কথা বলতে পারি না।
সে আমাকে দেখে বলল, “আপনি কে? কেন এমন বিষণ্ণ দেখাচ্ছে?”
আমি বললাম, “আমি তোমার ভবিষ্যৎ।”
সে হেসে বলল, “ভবিষ্যৎ এত দুঃখী হয় নাকি?”
“হয়। কারণ ভবিষ্যৎ জানে অতীত কী ভেবেছিল।”
“আমি কী ভুল করব?”
“তুমি ভাববে সময়ের সাথে সব কিছু ঠিক হয়ে যাবে। ভাববে বয়স বাড়লে কথা বলতে শিখবে। ভাববে একদিন সবাই তোমাকে বুঝবে।”
“সেটা কি ভুল?”
“না। কিন্তু তুমি অপেক্ষা করবে। নিজে চেষ্টা করবে না।”
সে চুপ হয়ে গেল। তারপর বলল, “তাহলে আমি কী করব?”
আমি তার দিকে তাকিয়ে বলতে চাইলাম, “প্রথমেই নিজেকে গ্রহণ কর। তোমার সীমাবদ্ধতাকে লজ্জা মনে করো না। তুমি যেমন, সেভাবেই থাক। কিন্তু চেষ্টা বন্ধ করো না।”
কিন্তু এই কথাগুলো বলতে গিয়ে দেখি আমার কণ্ঠ বের হচ্ছে না।
তরুণ হায়দার বলল, “আপনিও কি কথা বলতে পারেন না?”
আমি মাথা নাড়লাম।
“তাহলে আপনি কীভাবে আমাকে পরামর্শ দেবেন?”
তখন বুঝলাম, অতীতে গিয়েও আমি নিজেকে সাহায্য করতে পারি না। কারণ আমার মূল সমস্যা তখনো ছিল।
সে বলল, “আচ্ছা, আপনি যদি আমার ভবিষ্যৎ হন, তাহলে আপনার অতীত কে?”
প্রশ্নটা শুনে আমি ভয় পেলাম। আমার অতীত মানে সেই শিশু হায়দার যে একদিন কথা বলতে পারত।
“আমার অতীত হারিয়ে গেছে।”
“কেন?”
“কারণ আমি তাকে মনে রাখিনি।”
তরুণ হায়দার বলল, “তাহলে আপনি কি চান আমি আমার অতীতকে মনে রাখি?”
“হ্যাঁ। সেই সময়টুকু মনে রাখ যখন তুমি সত্যিই খুশি ছিল। যখন স্বপ্ন দেখতে পারতে। সেই অনুভূতিটা হারিয়ে ফেলো না।”
সে বলল, “আর কোনো পরামর্শ?”
আমি বলতে চাইলাম, “হ্যাপিকে বেশি করে ভালোবাসার কথা বলবে। আরাশের সাথে বেশি সময় কাটাবে। মনের কথা লিখে রাখবে।”
কিন্তু সেই কথাগুলোও বলতে পারলাম না।
স্বপ্ন ভেঙে যাওয়ার আগে সে শেষবারের মতো বলল, “আমি কি আপনার মতো হয়ে যাব?”
আমি চোখের ইশারায় বললাম, “হ্যাঁ।”
“তাহলে এই দেখাটা কি অর্থহীন?”
আমি মাথা নাড়লাম। কারণ বুঝেছিলাম, এই দেখাটাও একটা যোগাযোগের চেষ্টা।
ভবিষ্যতের আমি অতীতের আমির কাছে পৌঁছাতে চেষ্টা করছি। কিন্তু দুজনেই বোবা।
তবু চেষ্টাটাই হয়তো যথেষ্ট।
একটু ভাবনা রেখে যান