ওয়ার্ল্ড ক্লক অ্যাপটা খুলে দেখি – ঢাকা, লন্ডন, নিউইয়র্ক, টোকিও। সব শহরের সময় আছে।
কিন্তু আমার সময় কোথায়?
আমি যখন সকাল অনুভব করি, ঢাকায় তখন দুপুর। আমি যখন রাত অনুভব করি, পৃথিবীর কোথাও তখন সেই রাত নেই।
আমার ঘড়ি অন্য কোনো গ্রহের সময় দেখায়।
গত রাতে হ্যাপি বলল, “তুমি আজকাল অদ্ভুত থাকো। সকালে বিষণ্ণ, দুপুরে খুশি।”
কিন্তু হ্যাপি জানে না, আমার সকাল পৃথিবীর সকালের সাথে মেলে না। আমার দুঃখ-আনন্দের সময়সূচি অন্যরকম।
অফিসে যখন সবাই সকালের উদ্যমে কাজ শুরু করে, আমার তখন গভীর রাতের ক্লান্তি। দুপুরে যখন সবাই ক্লান্ত, আমার তখন ভোরের তাজা অনুভূতি।
আমি ভুল টাইম জোনের মানুষ।
গুগল ম্যাপে দেখি GMT+6। কিন্তু আমি কোন GMT-তে আছি? GMT+৭.৫? GMT-১০.৭৫?
এমন কোনো সময় যার কোনো স্ট্যান্ডার্ড নেই।
রাতে আরাশ ঘুমিয়ে পড়ার পর আমার দিন শুরু হয়। আমার মন তখন সবচেয়ে জাগ্রত। কিন্তু পৃথিবী তখন ঘুমিয়ে।
ভোরে যখন পৃথিবী জেগে ওঠে, আমার তখন ঘুমের সময়। কিন্তু ঘুমাতে পারি না। কারণ অফিসে যেতে হবে।
এই কি আমার সবচেয়ে বড় কষ্ট? অন্যদের সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হয়, অথচ আমার নিজস্ব সময় আলাদা।
যেন আমি লন্ডনে থাকি, কিন্তু ঢাকার সময় অনুসরণ করতে হয়।
হয়তো এই জন্যই আমার সাথে কারো কথা মেলে না। আমি যখন কথা বলি, তখন আমার সন্ধ্যা। তারা শোনে তাদের সকালে।
আমার আবেগের সময় আর তাদের আবেগের সময় আলাদা।
আল্লাহ, আমাকে কোন গ্রহের জন্য বানিয়েছ? যে গ্রহের টাইম জোন পৃথিবীতে নেই?
আমি কি চিরকাল এই অজানা সময়ে আটকে থাকব?
একটু ভাবনা রেখে যান